২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রক্টর অফিস ভাংচুর: চবির ৪ শিক্ষার্থী বহিষ্কৃত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিসে ভাংচুর ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 05:41 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘রেসিডেন্ট, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি’র সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রক্টর আলী আজগর চৌধুরী।  

বহিষ্কৃতরা হলেন ২০১১-১২ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের লোকমান হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের কনক সাহা জয় ও নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস।

বহিষ্কৃতরা সবাই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগকর্মী। 

প্রক্টর আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্টর অফিসে ভাংচুর ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রক্টর কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।”

প্রক্টর কার্যালয়ে ভাংচুর ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন দিয়েছে প্রক্টর কার্যালয়।

গাড়ি ভাংচুরসহ সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ গঠিত তিন সদস্যের কমিটি আলাদা একটি প্রতিবেদন দেবে বলে জানান প্রক্টর।

আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার দুপুরে ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষ।

রাতে শাহ আমানত ও শাহ জালাল হলে পুলিশ তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র ও দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মূল আটকে বিক্ষোভ শুরু করে আ জ ম নাছিরের অনুসারীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিলে তারা প্রক্টর কার্যালয় ও পরিবহন দপ্তরে গিয়ে ভাংচুর চালায়। 

বেসরকারি দুটি টেলিভিশন স্টেশনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রক্টর কার্যালয়ে হামলা চালানো হয়। সেখানে প্রক্টরের গাড়ির পাশাপাশি বেসরকারি সময় টেলিভিশন ও এক শিক্ষার্থীর অভিভাবকের গাড়ি ভাংচুর করা হয়।

ভাংচুরের ঘটনায় চবি প্রশাসনের পক্ষ থেকে গত ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদের ডিন ও বন ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক সফিউল আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।  

কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে চারদিনের আলটিমেটাম দেয়া হয়েছিল গত বৃহস্পতিবার। এরপ্রেক্ষিতে শুক্রবার চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিল।

অপহরণকারী তিন শিক্ষার্থী বহিষ্কার

প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের এক শিক্ষার্থীকে অপহরণ করে এক লাখ ৬৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে আরও চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ‘রেসিডেন্ট, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি’।

২০১৪- ১৫ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী শফিকুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ইয়াছিন আরাফাত ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-অর্থ সম্পাদক সাব্বির হোসেন এবং ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইফতেখার উদ্দিন রিয়াজ নামে এই চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিস্কার করা হয়েছে।

পাশাপাশি তাদের কেন আজীবন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলা হয়েছে বলেও জানান প্রক্টর আজগর চৌধুরী।

গত ২২ ফেব্রুয়ারি ক্যাম্পাস থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।

উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ‘রেসিডেন্ট, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির’ এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সফিউল আলম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক একেএম মায়নুল হক নিয়াজী, প্রীতিলতা হলের প্রভোস্ট পরভীন সুলতানা, আইন অনুষদের চেয়ারম্যান এবিএম আবু নোমান ও সঙ্গীত বিভাগের চেয়ারম্যান সুকান্ত ভট্টাচার্য।

কমিটির সদস্য সচিব প্রক্টর আলী আজগর চৌধুরী।