২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে সঙ্কট তৈরির চেষ্টা চলছে: ওয়ার্কার্স পার্টি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘সঙ্কট তৈরির’ চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সরকারের জোটসঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রামের নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 08:46 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

রোববার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন নেতারা।

৩ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওয়ার্কার্স পার্টির মহাসমাবেশ সফল করতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান

বলেন, নির্বাচন নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে। বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে বানচাল করতে অথবা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে।

“এই অবস্থায় ১৪ দলকে আরও ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। পাশাপাশি ওয়ার্কার্স পার্টি ঘোষিত ২১ দফা বাস্তবায়নেরও কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, দেশে উন্নয়ন ধারা অব্যাহত। কিন্তু ব্যাংক লুটপাট, বিদেশে টাকা পাচার ও বেসরকারি ব্যাংকে পারিবারিক মালিকানা প্রতিষ্ঠা চলছেই। নিত্য পণ্যের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের জীবন তাই অসহনীয় হয়ে উঠেছে।

“এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিক ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠা করতে হবে।”

দলের জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোখতার আহম্মদ বলেন, বর্তমান সরকারের আমলে দেশ মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এলেও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটছে। জঙ্গিবাদের পুরো বিনাশ করা যায়নি। এখনো ধর্মের নামে রাজনীতি চলছে।

জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্রকুমার নাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, যুবমৈত্রী চট্টগ্রাম জেলার সভাপতি কায়সার আলম, জেলা কমিটির সদস্য মনসুর মাসুদ, শ্রমিক নেতা জসীম উদ্দিন, যুবনেতা আরিফ নুর, ছাত্রনেতা প্রকাশ সিকদার প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর মোমিন রোড, আন্দরকিল্লা, লালদীঘি ও শহীদ মিনার ঘুরে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।