২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মার্চে দ্বিতীয় ‘এইচআর সামিট’

চট্টগ্রামে মানবসম্পদ পেশাজীবীদের নিয়ে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ‘এইচআর সামিট’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 08:44 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

চট্টগ্রামের হোটেল র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউতে আগামী ৯ মার্চ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এই সম্মেলনের উদ্বোধন করবেন ।

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, দিনব্যাপী এ সামিটে দেশ-বিদেশের মানবসম্পদ পেশাজীবী ও অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশ নেবেন।

লিখিত বক্তব্যে সামিটের আহ্বায়ক ও হাইডেলবার্গ সিমেন্টের কান্ট্রি এইচএস ম্যানেজার মো. আলমগীর বলেন, অর্থনৈতিক উন্নয়ন তথা ব্যক্তি, সমাজ ও জাতির উন্নয়নে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই।

“এই সামিট মানবসম্পদ পেশাজীবীদের একটি মিলন মেলা, যেখানে মানবসম্পদ পেশার দেশিয় ও আন্তর্জাতিক নিত্যনতুন বিষয়, পরিবর্তন ও কৌশল নিয়ে আলোচনা করবেন দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পেশাজীবীরা।”

সংগঠনটির চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান ফরিদ এ সোবহানী বলেন, দেশের স্বাধীনতা, ব্যবসায়িক ও বৈদেশিক মুদ্রা অর্জনে জাতীয় অর্থনীতিতে যে হারে চট্টগ্রামের ভূমিকা রয়েছে সে হারে চট্টগ্রামে শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে উঠেনি।

“ফলে চট্টগ্রামের শিক্ষিত ও বেকার জনশক্তিকে প্রতিনিয়ত ঢাকায় পাড়ি দিতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। গত চার বছর ধরে বিএসএইচআরএম চট্টগ্রামে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ পেশাজীবী গড়ার প্রত্যয়ে কাজ করে চলেছে।এই সামিট মানব সম্পদ পেশাজীবীদের যুগোপযোগী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

মানবসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ৪০০ জন এ সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। ইতিমধ্যে ২০০ জন পেশাজীবী তাদের নিবন্ধন সম্পন্ন করেছে।

সংবাদ সম্মেলনে সামিটের যুগ্ন-আহ্বায়ক আরিফ আহমেদ, সচিব আরিফ উল্ল্যা, কোষাধ্যক্ষ ইমরানুল হক, নোমান বিন জহিরউদ্দীন, ইশরাক হোসেন ও মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের সিলভার স্পন্সর হিসেবে থাকছে একে খান গ্রুপ, পেডরোলো, পিটুপি ফ্যামিলি, গ্রোএনএক্সেল এবং স্ট্র্যাটেজিক স্পন্সর হিসেবে থাকছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।