খেলার বিরোধে খুন: গ্রেপ্তার দুইজনের স্বীকারোক্তি
চট্টগ্রামে খেলার বিরোধ নিয়ে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার চট্টগ্রামের মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে জবানবন্দি দেন রনি ও মেরাজ।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ‘বড় ভাই’ রনিকে মারধরের প্রতিশোধ নিতে তার অনুসারী ‘ছোট ভাই’রা ইব্রাহিমকে ছুরিকাঘাত করে।
“মূলত মাস দেড়েক আগে খেলার মাঠে রনিকে চড় দেওয়া ও মারধরের প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটায় রনির অনুসারীরা।”
দেড় মাস আগে সদরঘাট থানার সাহেব পাড়া কলা বাগান মাঠে খেলার বিরোধ থেকে ঘটনার শুরু।
ওসি নেজাম উদ্দিন বলেন, ওইদিন মাঠে নিহত ইব্রাহিম ও তার সঙ্গীরা রনিকে মারধর করে। রনি নিহত ইব্রাহিমের চেয়ে বয়সে বড়।
“এই ঘটনার জেরে রনির অনুসারীরা ইব্রাহিমের ওপর প্রতিশোধ নিতে মুখিয়ে ছিল। ঘটনার দিন ইব্রাহিমকে জুঁই কমিউনিটি সেন্টারের সামনে দেখতে পায় রনি ও তার অনুসারীরা।”
তিনি বলেন, এসময় রনি ইব্রাহিমকে ধরে চড় মারে। রনির অনুসারী ‘ছোট ভাইরা’ ইব্রাহিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে।
“ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
ওসি নেজাম উদ্দিন বলেন, রনি ও ইব্রাহিম কিংবা তাদের সঙ্গীরা কেউ পড়ালেখা করে না। তারা আশপাশের এলাকার নিম্ন আয়ের পরিবারের সন্তান।
“উঠতি বয়সী এধরনের কিশোর-তরুণরা নিজেদের গ্রুপ পরিচালনা করে। তাদের অধিকাংশের কাছেই থাকে ছুরি। রেষারেষি ও আধিপত্যের জেরে এরা মারামারিতে জড়ায়।”
সাম্প্রতিক সময়ে সদরঘাট থানায় ছুরিসহ গ্রেপ্তার এধরনের উঠতি বয়সীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন।
