২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি: পাঁচ বছর পর আসামি আটক

পাঁচ বছর আগে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে শুল্ক ফাঁকির এক মামলার আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেশটিগেশন (পিবিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 08:44 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

কনসোর্টিয়াম লিঙ্ক লিমিটেড নামের প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিন ওরফে বাবুলকে বুধবার ঢাকার তোপখানা রোড থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এই ব্যবসায়িকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক কাজী এনায়েত কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি অধিকতর তদন্ত করতে আদালত নির্দেশ দিয়েছেন।

“এর প্রেক্ষিতে তদন্ত শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে রুহুল আমিন বাবুলকে গ্রেপ্তার করা হয়। তবে তার মালিকানাধীন কনসোর্টিয়াম লিঙ্ক লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব আমরা পাইনি।”

মামলার নথি থেকে জানা যায়, কনসোর্টিয়াম লিঙ্ক লিমিটেডের নাম ব্যবহার করে গ্র্যান্ডিং ও রিলিং মেশিন ঘোষণা দিয়ে ২০১২ সালে কিছু পণ্য আমদানি করা হয়। ওই প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয় গাজীপুরের ভাওয়াল এলাকার বাহাদুরপুর।

পরে কাস্টমস কর্তৃপক্ষ ঘোষিত পণ্যের পরিবর্তে এলইডি টিভি ও এসি আমদানির প্রমাণ পায়।

এ ঘটনায় দুই কোটি ৪১ লাখ টাকার শুল্ক ফাঁকির অভিযোগে বন্দর থানায় ২০১২ সালে মামলা করে কাস্টমস কর্তৃপক্ষ।

শুরুতে বন্দর থানা পুলিশ মামলাটির তদন্ত করে। কিন্তু ওই প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পায়নি পুলিশ।  

নাম সর্বস্ব ওই প্রতিষ্ঠানের কাউকে খুঁজে না পেয়ে পণ্য চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট তালুকদার ট্রেডার্সের মালিক সেলিনা চৌধুরীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আদালত তা গ্রহণ না করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেয়। সিআইডিও তদন্ত শেষে সেলিনা চৌধুরীকে আসামি করে দ্বিতীয় অভিযোগপত্র দেয়।  পরে গত বছরের ১৯ অক্টোবর আদালত মামলাটি পুনরায় তদন্ত করতে পুলিশ পিবিআই নির্দেশ দেয়।

আদালতের ওই নির্দেশ পিবিআই পায় গত বছরের ২৯ অক্টোবর।

পিবিআই কর্মকর্তা কাজী এনায়েত কবির বলেন, “তদন্ত শুরু করে আমরা জসিম নামের এক ব্যক্তির সন্ধান পাই, যিনি ওইসব পণ্য ছাড় করেছিলেন। জসিমকে আটকের পর অনুসন্ধানে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে রুহুল আমিন ওরফে বাবুলকে ঢাকার তোপখানা থেকে গ্রেপ্তার করা হয়।”