ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফের বিক্ষোভে ব্যবসায়ীরা
বঙ্গবন্ধু ও দুই আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনায় আবারও প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রামের পৌর জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ীরা।
এর আগে দুই ম্যাজিস্ট্রেটের অপসারণ ও পুনরায় ভাস্কর্য নির্মাণ করতে দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন তারা।
এদিকে ব্যবসায়ীদের এ প্রতিবাদ সভায় নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরাও যোগ দিয়েছিলেন।
জহুর হকার্স মার্কেটের প্রবেশপথের এক পাশে গত বুধবার সিটি করপোরেশন অভিযান চালিয়ে কিছু স্থাপনা ভেঙ্গে দেয়। ব্যবসায়ীদের দাবি, তারা সেখানে বঙ্গবন্ধু, যার নামে মার্কেট, মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক জহুর আহমদ ও মহিউদ্দিন চৌধুরীর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছিল।
তবে অভিযানে থাকা ম্যাজিস্ট্রেটের দাবি, অনুমতি না নিয়ে নালার উপর স্লাব বসিয়ে স্থাপনা নির্মাণ করায় তারা উচ্ছেদ পরিচালনা করেছেন।
অভিযানের পর ব্যবসায়ীরা বুধবার দুই ঘণ্টা মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ জানান ও সমবেশ করেন।
এদিকে ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ করেছে নগর ছাত্রলীগও।
