২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সংস্কৃত বিভাগের সভাপতি অবরুদ্ধ, পরীক্ষা স্থগিত

পরীক্ষার অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সভাপতিকে তার নিজের কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 08:40 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

বুধবার সকাল সাড়ে দশটার দিকে সভাপতির কক্ষ ছাড়াও বিক্ষুব্ধরা অফিস কক্ষ ও পরীক্ষার হলেও তালা ঝুলিয়ে দেন।

পরে  বেলা ১২টার দিকে বিশ্ব‌বিদ্যাল‌য় প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তালা খুলে দিলেও এদিনের নির্ধারিত পরীক্ষা আর নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বি‌ডি‌নিউজ টো‌য়েন্টি‌ফোর ডটকমকে বলেন, “উদ্ভুত প‌রিস্থি‌তির কথা শুনে আমরা সেখানে গিয়ে তালা খুলে দিই।”

Image
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জানা গেছে, বেলা ১১টা থেকে ২০১৭ সালের দ্বিতীয় বর্ষের ২০১ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। কিন্তু ক্লাসে উপস্থিতির হার কম থাকায় কিছু শিক্ষার্থীকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি।

পরে তারা বিভাগীয় সভাপতি বরাবর প্রক্টরের সুপারিশকৃত আবেদন দেওয়ার পরও তা বাতিল করে বিভাগীয় একাডেমিক কমিটি। এ কারণে তারা পরীক্ষা শুরুর আগে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।

সংস্কৃত বিভাগের সভাপতি সুপ্তিকণা মজুমদার বি‌ডি‌নিউজ টো‌য়েন্টি‌ফোর ডটকম‌কে বলেন, “ক্লাসে উপস্থিতির হার শতকরা ৩০ ভাগেরও কম থাকায় কিছু শিক্ষার্থী‌কে পরীক্ষায় অংশ নেওয়ার অনুম‌তি দেওয়া হয়নি । পরে তারা দুই বার আবেদন করলেও একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমেই তা বাতিল করা হয়।”

দিনের নির্ধারিত পরীক্ষা স্থ‌গিতের কারণ জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের কারণে সবাইকে না পাওয়ায় আজকের পরীক্ষা স্থ‌গিত করা হয়েছে। এ বিষয়ে একাডেমিক কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।