সাংবাদিক পুলক সরকার আর নেই
চট্টগ্রামের সাংবাদিক পুলক সরকার মারা গেছেন।
শুক্রবার বিকালে মস্তিষ্কে রক্তক্ষরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
৪৮ বছর বয়সী পুলক স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মতিয়ার পুলের বাসা থেকে ওষুধ কিনতে বের হয়ে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান পুলক।
স্থানীয়রা তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলক সরকার চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক নয়া বাংলার জ্যেষ্ঠ সহ-সম্পাদক ছিলেন।
পুলকের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি স্বপন মল্লিক, সাদারণ সম্পাদক হাসান ফেরদৌস।
