২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পু শ্রমিকদের সংঘর্ষে আহত ২

চট্টগ্রামে টেম্পু চলাচলের রুটের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের এক পক্ষের হামলায় অন্য পক্ষের দুই নেতা আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 05:21 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার দুপুরে হালিশহর থানার নয়া বাজার বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আহত মো. হাসান চট্টগ্রাম-সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং মো. শফিক সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক। 

হালিশহর থানার এসআই জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেম্পু চলাচলের রুটের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, আহত অবস্থায় হাসান ও শফিককে হাসপাতালে আনা হয়ে। শফিকের পেটে ও হাসানের হাতে জখমের চিহ্ন রয়েছে।

হামলার জন্য চট্টগ্রাম-সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নেতারা চট্টগ্রাম অটো রিকশা-অটো টেম্পু শ্রমিক লীগকে দায়ী করেছে।

তারা বলছেন, টেম্পুগুলোর কাছ থেকে দৈনিক হারে চাঁদা দাবি করে না পেয়ে এ হামলা করা হয়েছে।

চট্টগ্রাম-সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সংগঠনের নিয়ন্ত্রণে ১০, ১১ ও ১৩ নম্বর রুটে অন্তত ২৫০টি টেম্পু চলাচল করে। সেগুলো থেকে প্রতিটিতে ১০ টাকা করে চাঁদা দাবি করে আসছে অটো রিকশা-অটো টেম্পু শ্রমিক লীগ। তাদের দাবি করা চাঁদা না দেয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।

খলিলুর বলেন, “দুপুরে হাসান একটি টেম্পুতে করে নয়াবাজর এলাকায় যাওয়ার পথে তাকে গাড়ি থেকে নামিয়ে হাতে গুলি করে। এঘটনা শুনে শফিকসহ অন্যরা সেখানে গেলে তাকে মারধর করে পেটে ছুরিকাঘাত করে।”

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম অটো রিকশা-অটো টেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন।

তিনি বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসান ১০ ও ১৩ নম্বর রুটে চলাচলরত টেম্পুগুলোর কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা নিয়ে আসছিল। এজন্য তার বিরুদ্ধে আকবর শাহ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।”

চাঁদা নিয়ে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে বলে ধারণা তার।