২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নয়, রাজাকার-জঙ্গি নিয়ে মাথা ঘামাই: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় নির্বাচন নয়, রাজাকার ও জঙ্গি-সন্ত্রাসীমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে কি না তা নিয়ে চিন্তিত তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 08:19 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

শনিবার চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর শিক্ষা প্রতিষ্ঠান পি এইচ আমিন একাডেমির ৭৫ বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, “স্বাধীন বাংলাদেশে আবার রাজাকার কেন, স্বাধীন বাংলাদেশে আবার জঙ্গি সন্ত্রাস কেন? স্বাধীন বাংলাদেশে এখনও গরিব কেন? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি নাড়াচাড়া করি।

“কিন্তু আমার এ দুই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এটাই বুঝেছি- একাত্তরে যে রকম বাংলাদেশ শ্মশান কেন, এই উত্তরের নিষ্পত্তি একাত্তরের যুদ্ধ দিয়ে করতে হয়েছে, ঠিক তেমনি যদি আর রাজাকাররা আর জঙ্গিরা আর সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের বুকে রাজনীতির চর্চা করবে না সেটার যদি গ্যরান্টি অর্জন করতে হয় তাহলে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।”  

ইনু বলেন, “আমার প্রশ্ন- স্বাধীন বাংলাদেশে একবার রাজাকারের সরকার একবার মুক্তিযুদ্ধের সরকার, এই মিউজিক্যাল খেলা কেন? এইভাবে কি দেশ চলতে পারে?

“রাজাকারের সরকার আসলে পীর-ফকিরের মাজারে বোমা পড়বে। শহীদ মিনার ভাঙা হবে, গুণী লোকদের হত্যা করা হবে, কবিদের লাঞ্ছিত করা হবে। আর মুক্তিযোদ্ধাদের সরকার হলে সেই ভাঙা শহীদ মিনার আবার পরিষ্কার করে গড়বে। পীর-ফকিরকে সম্মান করবে-এইভাবে তো দেশ চলতে পারে না।”

হাসানুল হক ইনু বলেন, “আপনারা যে কোনো মতের হতে পারেন। আবার বাংলাদেশে ভূতের সরকার আসবে কি না, আবার বাংলাদেশে সামরিক সরকার আসবে কি না- এই প্রশ্নের নিষ্পত্তি যদি না করতে পারেন তাহলে বাংলাদেশ দ্রুত গতিতে এগোতে পারবে না।

“মনে মনে যদি শঙ্কা থাকে বাংলাদেশে আবার ভূতের সরকার আসবে। মনে মনে যদি ভয় থাকে বাংলাদেশে আবার সামরিক সরকার হবে, সব ওলটপালট হয়ে যাবে। যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, যারা শিক্ষকতা করছেন সবাই আপনারা আতঙ্কের ভিতর বসবাস করবেন।”

জাসদ নেতা ইনু বলেন, “আমি জানি এখনো বাংলাদেশে একবার রাজাকারের সরকার একবার মুক্তিযোদ্ধার সরকার এই মিউজিক্যাল চেয়ার খেলা বন্ধ হয়ে গেছে-এই রাজনৈতিক গ্যারান্টি আপনাদের দিতে পারছি না। আমি লড়াইয়ের ভেতর আছি, যুদ্ধের ভেতর আছি।

“সবাই নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে। আমি ওটা নিয়ে মাথা ঘামাই না। পাঁচ বছর পর পর নির্বাচন হবে এটা রুটিন কাজ। কিন্তু বাংলাদেশে রাজাকার থাকবে কি না, জঙ্গি সন্ত্রাস থাকবে কি না সেটা নিয়ে আমি মাথা ঘামাই।”

তিনি বলেন, বাংলাদেশে শহীদ মিনার ভাঙা হবে কি না, পীরের মাজারে বোম মারা হবে কি না সেটা নিয়ে মাথা ঘামান তিনি। পাঁচ বছর পর পর নির্বাচন হবে কিন্তু তার পাশাপাশি জঙ্গি সন্ত্রাস দুর্নীতি দলবাজি বৈষম্যও দূর করতে হবে।

“সেটা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি মনে করি, উন্নয়ন গণতন্ত্র সভ্যতা ধর্মের মহাশত্রু ওই জঙ্গি সন্ত্রাসীরা। আর দুর্নীতি দলবাজি উন্নয়নের শত্রু। ভালো ফসল ঘরে তুলতে হলে আগাছা পরিষ্কার করতে হয়।”

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আফসারুল আমীন।

এস এম জাহিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামসহ সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।