যুক্তরাষ্ট্র দূতাবাস ঘেরাও করবে হেফাজত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে ১৩ ডিসেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।
শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানান হেফাজত নেতারা।
ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি নূর হোসাইন কাসেমী ওই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ফ্রান্স, তুরস্ক, সৌদি আরবসহ অনেক মিত্র দেশের আহ্বানকে তোয়াক্কা না করে গত বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠার পর প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই জেরুজালেমকে তাদের রাজধানীর স্বীকৃতি দিয়েছে।
আরব ও মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর পাশাপাশি ইউরোপ ও জাতিসংঘ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের একক স্বীকৃতি গ্রহণযোগ্য নয়।
সমাবেশ পর একটি মিছিল বন্দর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
