ইডিইউতে ‘টেক ফেস্ট’ অনুষ্ঠিত
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) দিনব্যাপী ‘টেক ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর পূর্ব নাসিরাবাদে ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এই ফেস্টের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, শিক্ষার্থীদের ছোট-ছোট এমন উদ্ভাবন তাদের বড় প্রযুক্তিবিদ হওয়ার স্বপ্ন দেখাবে।
“একদিন হয়ত বিশ্বের অনেক মানুষ তাদের বানানো প্রযুক্তির ছোঁয়ায় নিজেকে বদলে ফেলার পথ খুঁজে পাবেন।”
তিনি বলেন, ভয়কে দূর করে সামনে এগিয়ে যেতে হবে। এই ধরনের আয়োজনে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইডিইউর ট্রেজারার সামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক ও টেক ফেস্টের কনভেনার এটিএম মাহমুদুর রহমান এবং কোঅর্ডিনেটর মুহাম্মদ সামিউল আলম।
উৎসবে ইডিইউর ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করেন।
উৎসবে আরও ছিল প্রোগ্রামিং কনটেস্ট, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড ও পোস্টার প্রেজেন্টেশন।
