২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬৮ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে ৬৮ হাজার ইয়াবা উদ্ধার ও বাসচালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 07:40 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- বাসচালক আলমগীর হোসেন (৪৫) এবং আমির হোসেন (৩৩)।

আলমগীর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পিরোজপুর গ্রামের বাসিন্দা। আর আমির কিশোরগঞ্জ জেলার মিছাবন থানার তাকুয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপুল পরিমাণ ইয়াবা বাসে করে কক্সবাজার থেকে ঢাকা নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“দামপাড়া এলাকার চেকপোস্টে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি তল্লাশি চালানো হয়। এসময় আলমগীর ও আমির জানায়, বাসের লাইট প্যানেলে ইয়াবা রয়েছে।”

উদ্ধার করা ইয়াবার মূল্য তিন কোটি ৪০ লাখ টাকা বলে জানায় র‌্যাব-৭।