২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘শিবিরের সন্ত্রাসী’ মহিন কথিত বন্দুকযুদ্ধে নিহত

চট্টগ্রামে হত্যাসহ দেড় ডজন মামলার আসামি শিবিরকর্মী মহিম উদ্দিন ওরফে মহিন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 09:36 AM

Updated : 11 Oct 2022, 02:47 PM

বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার পেছনে চিটাগাং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সংলগ্ন রেল লাইনে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমানের ভাষ্য।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিনকে এলাকার মানুষ চেনে জামায়াত-শিবিরের ক্যাডার হিসেবে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে বেশকিছু মামলা রয়েছে।”

র‌্যাব কর্মকর্তা আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ওই এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের টহল দল ভোরের দিকে সেখানে যায়। সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুড়লে র‌্যাবও আন্তরাক্ষার জন্য পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহতকে মহিন হিসেবে শনাক্ত করেন বলে র‌্যাব কর্মকর্তা আশেক জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, একটি রিভলবার ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, বিগত জোট সরকারের সময়ে ও তার আগে শিবির ‘ক্যাডার’ সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন মহিন।

বায়েজিদ বোস্তামি, অক্সিজেন, কুয়াইশ, মোহরা এলাকায় বাড়ি নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাঁদা দিতে হত সাজ্জাদকে। আর সাজ্জদের হয়ে সেসব টাকা তুলতেন মহিন। পাশাপাশি সাজ্জাদের অস্ত্রও তার হেফাজতে থাকত বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বহদ্দারহাটের আট ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি সাজ্জাদ চার দলীয় জোট সরকারের শেষ দিকে দেশ ছাড়লে মহিন আলাদা একটি দল গড়ে তোলেন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন।

সাজ্জাদের দুই সহযোগী সরোয়ার ও ম্যাক্সন ২০১১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার হলেও মহিন ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে। 

মহিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে বলে জানান র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মিমতানুর রহমান।