২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউতে গবেষণা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) গবেষণা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 06:50 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

শনিবার বন্দরনগরীর প্রবর্তক মোড়ে ইডিইউর বর্ধিত একাডেমিক ভবনের অর্থনীতি বিভাগে এই কর্মশালার আয়োজন করা হয়।

‘ডিজাইন ইউর সার্ভে: অ্যা ওয়ার্কশপ অন রিসার্চ টেকনিকস্‌ অ্যান্ড ডাটা কালেকশান’ শীর্ষক এ কর্মশালায় মূল আলোচক কলকাতার ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইনটিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্টের অর্থনীতি ও কোয়ানটিটিভ টেকনিকস বিভাগের প্রধান ড. শর্মিষ্টা বিশ্বাস।

র্মশালায় তিনি বলেন, “মাঠ পর্যায়ের তথ্য যাচাই-বাছাই করেই এগিয়ে চলেছে বিশ্বের বড় কোম্পানিগুলো। একদিকে মুনাফা, অন্যদিকে সেবা- দুটোই ধরে রাখতে তারা চালিয়ে যাচ্ছে গবেষণা।

“কেবল ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কর্পোরেট দুনিয়ায় নয়, সবক্ষেত্রে ঠিক তথ্যটি খুঁজে বের করে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য চাই সঠিক নকশা প্রণয়ন।”

শর্মিষ্টা বিশ্বাস বলেন, তাই প্রাথমিক তথ্য, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, দলভিত্তিক আলোচনা, জরিপ কাজে প্রশ্ন-উত্তরসহ নানা ধাপ উপস্থাপন করতে দক্ষতার পরিচয় দিতে হবে এই সময়ের গবেষকদের।

“প্রাথমিক তথ্য নিশ্চিত করতে মাঠ পর্যায়ের চিন্তা-ভাবনাকে গুরুত্ব দিতে হবে। গবেষণা কার্যক্রমের প্রতিক্রিয়া কেমন- এসব বিষয় যাচাইয়ের জন্য চাই গবেষকের নিবিড় পর্যবেক্ষণ।”

অনুষ্ঠানে ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান উপস্থিত ছিলেন।

ইডিইউর অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর অনন্যা নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন।

কর্মশালায় ইডিইউর শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।