নিখোঁজের দুদিন পর বাড়ির রান্নাঘরে শিশুর লাশ
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের দুইদিন পর নিজ বাড়ির রান্নাঘরে পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ পাওয়া গেছে।
নিহত আইমান হক কায়েপ (৫) বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী দরপপাড়ার বদরুচ মেহের চেয়ারম্যান বাড়ির এজাহারুল হকের ছেলে।
শনিবার বিকালে পূর্ব গোমদণ্ডী দরপপাড়ায় বাড়ির রান্না ঘরে তার লাশ পাওয়া যায় বলে জানান বোয়ালখালী থানার এসআই দেলোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুর থেকে আইমান নিখোঁজ ছিল। সন্ধান চেয়ে শুক্রবার তার চাচাত ভাই বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
দুপুরে বাড়ির রান্নাঘরে ঘরের লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এসআই দেলোয়ার জানান, আইমানের শরীর কালো হয়ে গেছে; কিছু কিছু জায়গা ফোলা ছিল। এছাড়া তার জিহ্বা বের হয়ে ছিল এবং মুখে রক্ত বের হওয়া ছিল।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
