২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ কর্মীকে গ্রেপ্তারে ফটিকছড়িতে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে অবরোধ করেছে তার সমর্থকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2017, 12:28 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

শুক্রবার সকালে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এ অবরোধ করে তারা।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই ইরফান উদ্দিন রাজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলা থেকে এমাজ উদ্দিন ওরফে জ্যাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

এর প্রতিবাদে সকালে উপজেলার কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তার সমর্থকরা।

স্থানীয় কয়েকজন জানান, এমাজ উদ্দিন কর্মী হিসেবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সংগঠনটিতে তার কোনো পদপদবী নেই।

তাকে গ্রেপ্তারের প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বলে জানান প্রত্যক্ষদর্শী কয়েকজন।

তারা বলছেন, নাজিরহাট ঝংকার মোড় থেকে উপজেলা সদরের বিবির হাট বাসস্টেশন এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে টায়ায় জ্বালিয়ে ব্যারিকেড দেওয়া হয়। এতে করে চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি জেলা ও ফটিকছড়ি উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধকারী ‍যুবলীগ ও ছাত্রলীগের কর্মী বলেও ভাষ্য প্রত্যক্ষদর্শীদের। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তাদের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়া হলেও পুলিশ তা সরিয়ে নিচ্ছে বলে জানান ফটিকছড়ি থানার ওসি জাকির মাহমুদ।