চট্টগ্রামে যুবক খুনে গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর সুপারিওয়ালা পাড়ায় ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে কুমিল্লা সদর এলাকার চাঁনপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার এসআই আবু বক্কর।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফারুক (৩০) ও মো. আজিম (৩০)।
এসআই বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চাঁনপুর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।।”
বিকালে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে মহানগর হাকিম শফিকুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৭ অক্টোবর ভোরে ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়ার গফুর সওদাগরের বাড়ির সামনে মো. ইমন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত ইমনের ছোট ভাই বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ মোট তিনজনকে আসামি করে মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয় ফারুকের স্ত্রীর সঙ্গে সম্পর্কের জের ধরে ইয়াবা সেবনের জন্য ডেকে পরিকল্পিতভাবে ইমনকে খুন করা হয়।
