গৃহকর: মেয়র নাছিরের সঙ্গে বৈঠকে আ. লীগ নেতারা
চট্টগ্রাম নগরীর গৃহকর নিয়ে নানা আলোচনার মধ্যে মেয়র আ জ ম নাছিরের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা।
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেড় ঘণ্টা সিটি করপোরেশন মিলনায়তনে মহানগর কমিটির ১০ নেতার সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক নাছির।
গৃহ মালিকদের কর অ্যাসেসম্যান্ট নিয়ে অসন্তোষ থাকলে আপিল করার অনুরোধ জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “গৃহকর নিয়ে দিনশেষে করদাতারা সন্তুষ্ট হবেন এটা আশা করি।”
তবে বৈঠক থেকে বেরিয়ে আওয়ামী লীগের ১০ নেতা এক বিবৃতিতে বলেন, নাগরিক সেবা নিশ্চিত না করে বর্ধিত গৃহকর চট্টগ্রামবাসীর উপর ‘চাপিয়ে দেওয়া জুলুমের শামিল’।
গৃহকর নিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে দলের ১০ সদস্যের প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করেন। এরা সবাই মহিউদ্দিনের অনুসারী।
গৃহকর নিয়ে ক্ষমতাসীন দলটিতে সভাপতি মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক নাছিরের মধ্যকার দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আসে।
নতুন গৃহকর নিয়ে নানা আলোচনার মধ্যে সভাপতি মহিউদ্দিন এর আগে সিটি মেয়র ও তার কমিটির সাধারণ সম্পাদক নাছিরকে চিঠি দিয়েছিলেন। নাগরিকদের অসন্তোষের কথা বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান সাবেক মেয়র মহিউদ্দিন।
নাছির বলেন, “আমি দুটি সত্ত্বা নিয়ে পরিচালিত হচ্ছি। একটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং অপরটি সরকারি দল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।”
নাছির গৃহকর নিয়ে ‘অস্থির’ না হতে পরামর্শ দিয়ে বলেন, “এ নিয়ে কারও ক্ষুব্ধ হবারও কোনো কারণ নেই।
“এ শহরের আদি বাসিন্দা আমি। জনগণের প্রতি আমার কমিটমেন্ট আছে। ব্যক্তি হিসেবে আছে, দল হিসেবে সবসময়ই আছে। সে দায়বদ্ধতার বিষয়ে আমি সবসময় সচেতন আছি।”
গৃহকর নিয়ে আপিল করার ক্ষেত্রে বাড়ির মালিকদের সহায়তার আশ্বাস দেন তিনি। কারও প্রয়োজনে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করতেও বলেন তিনি।
অ্যাসেসমেন্টে যদি অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। সেই সঙ্গে গরিব এবং চট্টগ্রামের আদি বাসিন্দাদের ছাড় দেওয়ার কথা বলেন তিনি।
বর্তমানে গৃহকর নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছে, তাকে ‘চিলে কান নিয়ে যাওয়ার’ মতো পরিস্থিতির সঙ্গে তুলনা করেন মেয়র নাছির।
“হাত দিয়ে দেখতে হবে, কানটা আছে কি না। এখানে অনেকে দেখছেন না, কানটা আছে কি না। কান যায়নি আগের জায়গায় আছে।”
নাছিরের সঙ্গে বৈঠকে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, খোরশেদ আলম সুজন, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান।
বৈঠক শেষে সহ-সভাপতি খোরশেদ আলম সুজন সাংবাদিকদের বলেন, গৃহকর সহনীয় পর্যায়ে আনতে মেয়রকে অনুরোধ করেছেন তারা।
“আইনের মধ্যে যতটুকু সম্ভব উনি (মেয়র নাছির) করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। বাকি আলোচনা লিখিতভাবে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।”
পরে রাতে প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত গৃহকর নিয়ে গণঅসন্তোষ ধূমায়িত হয়েছে। এখনই এই সমস্যার সম্মানজনক নিষ্পত্তি না হলে দল ও সরকার বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে।
“তাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ মনে করে, কোনো অজুহাতে নগরবাসীর উপর বর্ধিত গৃহকর আরোপ যুক্তিসঙ্গত নয়।নাগরিক সেবা নিশ্চিত না করে বর্ধিত গৃহকর নগরবাসীর উপর চাপিয়ে দেওয়া জুলুমের শামিল।”
দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে নাছির বিষয়টি অনুধাবন করবেন বলে আশা প্রকাশ করেন তারা।
