‘বন্ধুকে’ কুপিয়ে হত্যার ১৮ বছর পর দুইজনের যাবজ্জীবন
আঠার বছর আগে চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় এক যুকককে খুনের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- আরিফুল করিম ও মো. সাইফুদ্দিন। দুইজনই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মামলার অন্য দুই আসামি শ্যামল দাশ ও ইমরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।
বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
“অন্য দুই আসামিকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।”
১৯৯৯ সালের ২৯ অক্টোবর পূর্ব বিরোধের জের ধরে দণ্ডপ্রাপ্ত দুজন চট্টগ্রামের পাথরঘাটার বংশাল রোড এলাকায় জাহাঙ্গীর আলম (২০) এক যুবককে কুপিয়ে হত্যা করেন বলে আদালতে প্রমাণিত হয়।
মামলার নথি থেকে জানা যায়, আসামিরা জাহাঙ্গীরের ‘বন্ধু’ ছিলেন। বন্ধুদের মধ্যে বিরোধের জের ধরে ঘটনার দিন রিকশা করে যাওয়ার পথে পাথরঘাটার বংশাল রোড এলাকায় জাহাঙ্গীরের পথ আটকান আসামিরা।
এরপর রিকশা থেকে নামিয়ে ছুরি ও দা দিয়ে কোপায় তারা। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর।
এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা সালেহ আহমেদ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন।
কোতোয়ালি থানার এসআই আবদুল্লাহ আল মামুন ২০০১ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০০২ সালের ২৫ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করে আদালত।
১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করল।
