২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তের গানে মাশরাফিকে টি-২০ তে ফেরার আহ্বান

অপ্রত্যাশিতভাবেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর পর ক্রিকেটার মাশরাফিকে ফেরাতে দেশের বিভিন্ন জায়গায় ভক্তদের নানা কর্মসূচির মধ্যে এবার গানে গানে মাশরাফিকে ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের এক তরুণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 08:38 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

চট্টগ্রামের মিরসরায়ের মহিবুল আরিফ নামের ওই তরুণের গানটি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউটিউবে গানটি আপলোডের তিন ঘণ্টার মধ্যে দেখেছেন প্রায় ২৭ হাজার ভিউয়ার।

শনিবার মিরসরাই পৌর এলাকায় মাশরাফিকে ফিরে আসার আহ্বান জানিয়ে পালন করা হয়েছে মানববন্ধনও।

মহিবুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাশরাফি টি-২০ ক্রিকেটকে এভাবে বিদায় জানাবেন সেটা কল্পনা করেনি কেউ। ক্রিকেটে দেওয়ার তার অনেক কিছু আছে। আমরা এটা মেনে নিতে পারছি না।”

টি-টোয়েন্টি থেকে মাশরাফির আচমকা অবসরের ঘটনায় গত কয়েক দিন থেকে দেশের ক্রিকেট আঙিনায় চলছে তোলপাড়। মাশরাফিকে অবসর নিতে বাধ্য করা হয়েছে, এমন খবরে ছড়িয়ে পড়েছে ক্ষোভও। মানববন্ধন, প্রতিবাদ হয়েছে নানা জায়গায়।

এর মধ্যেই শুক্রবার রাতে মাশরাফিকে কিছু সুর আর পঙক্তি মাথায় আসে। কি-বোর্ডে সরওয়ার আলম তুহিন নামে আরেকজনকে নিয়ে গানটি কম্পোজ করেন মহিবুল।

গানের কথায় বাংলাদেশ ও মাশরাফির প্রতি ভালোবাসা প্রকাশ করে তাকে অবসর ভেঙে ফিরে আসার আহ্বান জানান তিনি।

আড়াই মিনিটের গানটিতে ব্যাপক সাড়া পাওয়ায় খুশি মহিবুলও।

মাশরাফিকে ফেরানোর আহ্বানে গান

 

তিনি বলেন, “মাশরাফি ভক্তদের মনে গানটি রেখাপাত করেছে। এতে বুঝা যায় মাশরাফি আমাদের কতটা আপন ক্রিকেটের জন্য, দেশের জন্য।”

শ্রীলঙ্কা সফর চলাকালীন অবসরের ঘোষণার পর সংবাদ সম্মেলনে অবসর নিয়ে বিভিন্ন কথা ও প্রতিক্রিয়া ব্যক্ত করলেও দেশে ফেরার পর ইতোমধ্যে বিসিবি প্রধান নাজমুল হাসান বলেছেন, মাশরাফি টি-টোয়েন্টি ছাড়েননি। কেবল অধিনায়কত্ব ছেড়েছেন।

অবশ্য দেশে ফিরে ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওয়ানডেতে চোখ রাখতে বলেছেন ক্রিকেটের এই ফরমেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি।