২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী-নেতাদের অতিকথনে ‘বিপর্যস্ত’ নাসিম

বিএনপি সরকারকে বিপর্যস্ত করতে না পারলেও মন্ত্রী ও দলীয় নেতাদের অতিকথনে বিপর্যস্ত হতে হয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 11:16 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি এই সরকারকে বিপর্যস্ত করতে পারেনি। কিন্তু সরকারের কতিপয় মন্ত্রী-নেতার কর্মকাণ্ড ও অতিকথনে আমাদের বিপর্যস্ত হতে হয়।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারে দলটির নেতারা ছাড়াও আরও বেশ কয়েকটি দলের নেতারা মন্ত্রী হিসেবে রয়েছেন। এসব মন্ত্রীরা ছাড়াও বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে মন্ত্রিত্বের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন, যারা প্রায়ই বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য-বিবৃতি দিয়ে থাকেন।

সরকারে থাকা দলগুলোর অনেক নেতা-মন্ত্রীর বক্তব্য অনেক সময় সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির কারণ হয় বলে অনেকে মনে করেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সাম্প্রতিক পরিবহন ধর্মঘটের বিষয়ে ইঙ্গিত করে নাসিম বলেন, “সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট চালিয়ে যাওয়া হল, এটা কোনো কথা হল?”

কোনো ধরনের ধর্মঘট না করতে চিকিৎসকদের প্রতিও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “ধর্মঘট করে, জনগণকে জিম্মি করে সরকারকে টলানো যাবে না। কোনো দাবিও আদায় করা যাবে না।

“খুব দুঃখ পাই যখন দেখি ডাক্তারের হাতে রোগীর স্বজনরা নিগৃহীত হয়। সবাই কিন্তু সত্যিকার অর্থে মানবিক হয় না। এটা স্বীকার করতে হবে। ভুয়া ডাক্তার ও ভুয়া ক্লিনিক আছে যারা মানুষকে সেবা দেয় না, ঠকায়।”

নাসিম বলেন, “কেউ হাতে আইন তুলে নেবেন না। কেউ ভাংচুর করবেন না। রোগীদের কাছে ডাক্তাররা ঈশ্বরের মত। ভালোবাসা হৃদয় দিয়ে রোগীকে আশ্বস্থ করুন।

“সমাজের সব চাইতে সম্মানের পেশা ডাক্তারি। শুধু সম্মান নিলেই হবে না মানবিক হতে হবে। গ্রামে যেতে হবে, মানুষের সেবা করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এতে অন্যদের মধ্যে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. ইকবাল আর্সলান, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী উপস্থিত ছিলেন।