২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ আটক ৬ ছাত্রলীগকর্মী

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির চার ছাত্রসহ ছয় ছাত্রলীগকর্মীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 07:16 PM

Updated : 19 Aug 2022, 03:53 PM

বৃহস্পতিবার সকালে ইউএসটিসি ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন ধারালো অস্ত্রসহ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় একদল শিক্ষার্থী।

গ্রেপ্তার ইউএসটিসি শিক্ষার্থীরা চিকিৎসা অনুষদের ইফতেখার, আবরার, তৃপ্ত ও ব্যবসায় অনুষদের নওশাদ। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চার ছাত্র কয়েকজন বহিরাগতকে নিয়ে সকাল ১১টার দিকে ক্যাম্পাসে ঢোকে। তারা প্রতিপক্ষের এক শিক্ষার্থীকে হুমকি দিলে অন্যরা তাদের ধাওয়া করে ধরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটক সবাই কেন্দ্রীয় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ও সিআরবির দরপত্র নিয়ে জোড়া খুন মামলার আসামি সাইফুল আলম লিমনের অনুসারী।

খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃতদের কাছ  থেকে কিরিচ ও ছুরিসহ দেশে তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

“এ বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএসটিসির বিবিএ অনুষদের শিক্ষার্থী মো. জিসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি না থাকলেও দুটি পক্ষ সক্রিয় আছে।

“ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে লিমনের অনুসারী ছাত্রলীগকর্মীরা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢোকে। আমরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।”