২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধরার পর ভুয়া নাম, পালিয়েও হল না রক্ষা

ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ভুয়া নাম-ঠিকানা দিয়েছিলেন, পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে ফের ধরা পড়ার পর বেরিয়ে এল সব ঠিকুজি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 12:14 AM

Updated : 11 Apr 2022, 11:06 PM

জমির উদ্দিন (৪০) নামে ডাকাত দলের এই সদস্য হাসপাতাল থেকে পালানোর চার দিনের মধ্যে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ২৩ ‍ফেব্রুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার জামালপুর গ্রামের লোকমানের বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন জমির। পিটিয়ে তাকে পুলিশে দিয়েছিল জনতা।

তখন জমির পুলিশকে নিজের নাম বলেছিলেন ইকবাল হোসেন। চাঁদপুর জেলার আবুল কালামের ছেলে বলে পরিচয় দিয়েছিলেন। বলেছিলেন, তিনি চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় ভাড়া বাসায় থাকেন।

শুরুতে মিরসরাইয়ের মস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

চমেকে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ফেব্রুয়ারি সকালে সেখান থেকে পালিয়ে যান জমির।

পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নগরীর বন্দর টিলা এলাকার একটি বাসা থেকে আজ (মঙ্গলবার) তাকে গ্রেপ্তার করা হয়।

“জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, ধরা পড়ার পর ভুয়া নাম-ঠিকানা দিয়েছিল।”

জমির আসলে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়। তিনি বন্দর টিলা এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ কর্মকর্তা সন্তোষ বলেন, “হাসপাতাল থেকে পালিয়ে সে বন্দর টিলার নিজের বাসায় চলে আসে। বাসায় থেকেই সে চিকিৎসা করাচ্ছিল।”

জমিরকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

২৩ ফেব্রুয়ারি ডাকাতির ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন ডাকাতির শিকার লোকমানের ভাই বেলায়েত হোসেন।