চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৫৮ শতক জমি উদ্ধার
চট্টগ্রাম নগরীর ব্রিজঘাট ও আছাদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন ৫৮ শতক জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বন্দর কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ক্যাপিটাল ড্রেজিং এলাকায় ব্রিজঘাটের চাক্তাই খালে বন্দর কর্তৃপক্ষের বালাম বোট অফিস এবং আছাদগঞ্জে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এতে বিভিন্ন ধরনের দোকান, বাঁশের ব্যবসা, গাছের ব্যবসা এবং একটি বাঁশের তৈরি জেটি উচ্ছেদ করে ৫৮ শতক জমি দখলমুক্ত করা হয়।
অভিযানে অবৈধ দখলদারদের মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানানো হয়।
