বাঁশখালীতে আগুনে পুড়েছে অন্তত ১০ বসতঘর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগুনে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে।
সোমবার দুপুরে উপজেলার শেখের খিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রহল্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ৩টার দিকে উপজেলার শেখের খিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কক্সবাজারের পেকুয়া, বাঁশখালী ও চট্টগ্রাম নগরীর লামাবাজার ফায়ার স্টেশনের তিনটি গাড়ি গিয়ে সন্ধ্যায় আগুন নেভায়।
আগুনে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে জানিয়ে প্রহল্লাদ বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
এদিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার মসজিদ গলি এলাকায় একটি চায়ের দোকান ও আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় একটি ফার্নিচার ও একটি মুদির দোকানে আগুন লেগে মালামাল পুড়ে যায় বলে অগ্নিনির্বাপক বাহিনীর এই কর্মকর্তা জানান।
