২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বুধবার শুরু রিহ্যাব ফেয়ার

চট্টগ্রাম নগরীতে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব ফেয়ার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 08:01 PM

Updated : 19 Aug 2022, 03:41 PM

সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চট্টগ্রামে ১০ম বারের মতো হতে যাওয়া এবারের ‘রিহ্যাব ফেয়ার-২০১৭’ চট্টগ্রামের পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেলে হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিওনাল কমিটির আয়োজনে বুধবার সকালে চট্টগ্রামের এই মেলার উদ্বোধনীতে অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বিগত তিন-চার বছরের স্থবিরতা কাটিয়ে আবাসন শিল্প এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

“সিঙ্গেল ডিজিট সুদে ব্যাংক ঋণ, এফডিআরের সুদের হার হ্রাস এবং প্রবাসীদের জন্য ব্যাংক ঋণ দেওয়ার সরকারি সিদ্ধান্তের কারণেই এ খাতে আশার আলো সৃষ্টি হয়েছে। এখন চট্টগ্রামে অবিক্রিত রেডি ফ্ল্যাট আছে পাঁচশর মত। বছর খানেক আগেও তা ছিল দুই হাজারের মত।”

এক প্রশ্নের জবাবে আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, “আবাসন ব্যবসার অধ্যাদেশ আছে। এখনো আইন হয়নি। এখাতে ব্যবসা করতে হলে অবশ্যই রিহ্যাবের সদস্য হতে হবে। এটা আইনে রাখতে হবে।”

রিহ্যাবের সদস্য নয় এমন প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ন্ত্রণে আনতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রিহ্যাব সদস্যরাও নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে। আমরা দায়িত্ব নিয়েছি ছয়-সাত মাস।

“৩২টি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ২৫টি সমাধান করেছি। প্রতিনিয়ত অভিযোগ আসছে। এগুলো নিয়ে কাজ করছি।”

আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, মেলা কমিটির পক্ষ থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত প্রকল্পের প্লট, ফ্ল্যাট ও কমার্শিয়াল স্পেস বিক্রি বা প্রর্দশনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

“মেলায় তা পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, উদ্বোধনী দিন বেলা ২টা থেকে মেলা প্রাঙ্গন ক্রেতা ও দশনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পরের তিনদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।

এবারের মেলায় প্রবেশে টিকিটের মূল্য ৫০ টাকা (সিঙ্গেল এন্ট্রি) ও ১০০ টাকা (মাল্টিপল এন্ট্রি)।

চট্টগ্রাম অঞ্চলে আবাসন শিল্পে ‘পথিকৃতে’র অবদান রাখায় সানমার প্রপার্টিজ লিমিটেড এবং ইক্যুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট (প্রা.) লি. কে এবার মেলায় স্বর্ণপদক দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এতে বলা হয়, রিহ্যাবের রজত জয়ন্তী উপলক্ষে মেলা উদ্বোধনের আগের দিন মঙ্গলবার সকালে সাইকেল র‌্যালি এবং মেলা উপলক্ষে ১০ ফেব্রুয়ারি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী, কো-চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ও মো. দিদারুল আলম চৌধুরী।