২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারের দাম না দিয়ে উল্টো ছাত্রলীগ নামে রেস্তোরাঁ ভাঙচুর

চট্টগ্রাম নগরীর একটি রেস্তোরাঁয় খেয়ে বিল পরিশোধ না করে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে একদল তরুণ উল্টো সেখানে ভাঙচুর চালিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2017, 06:47 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

চকবাজার সাদিয়া’স কিচেন রেস্টুরেন্টে শনিবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেস্তোরাঁটির ব্যবস্থাপক মিসবাউল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাত থেকে আট জন ছেলে রেস্টুরেন্টে খেয়ে বিল চাইলে তারা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের পরিচয় দেয়।

“ছাত্রলীগ হলে বিল দিবেন না কেন- জানতে চাইলে তারা নির্বিচারে ভাঙচুর শুরু করে। তাদের হামলায় রেস্টুরেন্টে কাচ ও ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এবিষয়ে চকবাজার থানার ওসি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের ছেলেদের সাথে বিল নিয়ে সমস্যা হয়েছে। তারা রেস্টুরেন্টে ভাঙচুরও করেছে।”

ঘটনার জন্য দায়ীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।

তবে ঘটনাটিতে সম্পৃক্ততা অস্বীকার করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কোনো কর্মী ওখানে খেতে যায়নি।

“আমরা খবর নিয়ে জেনেছি, ওই রেস্টুরেন্টে চট্টগ্রাম কলেজের কিছু সাধারণ শিক্ষার্থীর খাবার অর্ডার করে। সার্ভ করতে দেরি হওয়ায় ওরা চলে আসতে চাইলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ওদের খাবারের বিল দিতে বাধ্য করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।”