ছিল ফেল, পুনঃনিরীক্ষণে হল জিপিএ-৫
পুনঃনিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে আরও ৪৫ জন, যাদের তিনজনকে আগে ফেল দেখানো হয়েছিল।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, শনিবার ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার এই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুনঃনিরীক্ষণে এবার ২৭৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছে ৫৪ জন। আর পাস করা ২১৭ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।
“নতুন করে ৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে তিন জন আছে, যাদের আগে ফেল দেখানো হয়েছিল।”
আর ৯৪ জন আগে সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছিল, পুনঃনিরীক্ষণে তারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।
“এদের মধ্যে কেউ হয়ত একটি বা দুটি বিষয়ে জিপিএ-৫ এর কম পেয়েছিল। তারা ওইসব বিষয়ে জিপিএ-৫ পাওয়ায় সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।”
গত ২৯ ডিসেম্বর জেএসসি পরীক্ষার যে ফল প্রকাশ করা হয়, তাতে জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ১৩৫ জন। পুনঃনিরীক্ষণের পর এ সংখ্যা বেড়ে ১৪ হাজার ১৮০ জন হল।
এবার সাত হাজার ৬৭০ জন পরীক্ষার্থী মোট ১৮ হাজার ৬৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। ফল বদলেছে তাদের মধ্যে ২৭৫ জনের।
২০১৫ সালে পুনঃনিরীক্ষণের পর ২২৫ জনের ফল পরিবর্তন হয়েছিল।
