কালুরঘাট শিল্প এলাকার কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।
তবে আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কালুরঘাট শিল্প এলাকার বিএসটি ফুড প্রোডাক্ট নামের কারখানাটিতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলা ওই কারখানা ভবনের পঞ্চম তলার একটি প্যাকেজিং মেশিনে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুসন্ধানের কথা জানিয়ে অগ্নিনির্বাপক কর্মকর্তা অতীশ বলেন, আগুনে ও কারখানার বেশকিছু যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপন করা যায়নি।
