৪৫ বছর পরেও প্রতিহিংসার শিকার বুদ্ধিজীবীরা: নোমান
স্বাধীনতার ৪৫ বছর পরেও শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণে দেশের বুদ্ধিজীবীরা সরকারের প্রতিহিংসার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধবার চট্টগ্রাম নগরীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় তিনি বলেন, “একাত্তরে পাক হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের রাতের অন্ধকারে নির্যাতন করে হত্যা করেছিল।
“কিন্তু স্বাধীন দেশে ৪৫ বছর পরেও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সরকার বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করে নির্যাতন চালাচ্ছে।”
বুদ্ধিজীবী নির্যাতনের ‘নিকট উদাহরণ’ হিসেবে সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও বিএনপিপন্থি সাংবাদিক নেতা শওকত মাহমুদ এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার নাম তুলে ধরেন বিএনপি নেতা নোমান।
তিনি আরও বলেন, “সরকারের প্রতিহিংসায় জীবন সায়াহ্নে এসে মামলার আসামি হতে হয়েছে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজ উদ্দিন আহমদকে।”
বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন বুধবার বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম নগর বিএনপি।
এতে মুক্তিযোদ্ধা নোমান বলেন, “মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল গণতন্ত্র ও ভোটাধিকার। কিন্তু স্বাধীনতা অর্জনের ৪৫ বছর পার হলেও আমাদের এখনো গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যেতে হচ্ছে।
“গণতন্ত্র ও ভোটাধিকার ছাড়া স্বাধীনতা অর্থহীন। স্বাধীন দেশে এখনো আমরা পরাধীন, নেই ভোটাধিকার, নেই মত প্রকাশের স্বাধীনতা এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নেই।”
আলোচনা সভা শুরুর আগে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন আবদুল্লাহ আল নোমান।
সভায় প্রধান বক্তা নগর বিএনপির সভাপতি শাহদাত হোসেন বলেন, “বিএনপি সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধার দল। কিন্তু এত বছর পরেও আমরা পরাধীনতার শৃঙ্খলে বন্দি। এই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে খর্ব করছে।”
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
অন্যদের মধ্যে মহিলা দলের সাবেক সভাপতি নূরী আরা সাফা, এম এম সাদেক, ফয়েজুল ইসলাম, এম এ মিতন, যুবদল সভাপতি কাজী বেলাল উপস্থিত ছিলেন।
