মানবাধিকার রক্ষায় শুধু আনুষ্ঠানিকতায় না থাকার আহ্বান নাছিরের
মানবাধিকার রক্ষায় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম শাখা আয়োজিত এক র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “মানুষ মানুষের জন্য- এ সত্যকে ধারণ করে আমাদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। মানবাধিকার রক্ষা করা যেমন মানুষের নৈতিক দায়িত্ব তেমনি মানবাধিকার হরণ করাও মানবতার নৈতিক স্থলন।
“শুধু আনুষ্ঠানিকতায় থাকলে মানবাধিকার রক্ষা হবে না; মানবাধিকার রক্ষার নামে আনুষ্ঠানিকার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মানবাধিকার রক্ষায় নিজেকে সর্বান্তকরণে নিয়োগ করতে হবে।”
সমাবেশ শেষে একটি র্যালি শহীদ মিনার থেকে নগরীর রাইফেল ক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জেলা পিপি ও মানবাধিকার কমিশনের নেতা আবুল হাশেম ও ওয়াকার্স পার্টি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আবু হানিফ।
“আজই কারও অধিকারের পক্ষে দাঁড়ান’ এ স্লোগানে দিবসটি পালন করে বিএনপিসি চট্টগ্রাম কেন্দ্র।
বিএনপিএসর উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। নারী, শিশু, জাতিগত সংখ্যালঘু, সমতল ও পাহাড়ি আধিবাসীদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে দিন দিন।
মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন চলছে সেটাকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এসব ঘটনা বন্ধের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কাজীর দেউড়ি কমিউনিটি ফোরামের সভাপতি বিজয় চক্রবর্তী, সহ-সম্পাদক নার্গিস আকতার, সদস্য খুরশিদ আলম আপন ও আসকর দিঘী কমিউনিটি ফোরামের কার্যকরি সভাপতি ছায়েদুল হক।
