২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নভেম্বরেই নবম ওয়েজ বোর্ড না হলে তথ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন’

সাংবাদিকদের বেতন-ভাতায় নবম ওয়েজ বোর্ড ৩০ নভেম্বরের মধ্যে ঘোষণা না হলে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 06:53 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

পুরনো খবর:

সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ২০১৭ সালে: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীর এক অনুষ্ঠানে বলার পরদিন বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই ঘোষণা এল।

সমাবেশে ৩০ নভেম্বরের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা না হলে পরদিন ১ ডিসেম্বর থেকে তথ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি বলেন, “১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই দেশব্যাপী জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।”

২০১৫ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরকারি বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ ২০১২ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছিল সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড। পরের বছর অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়।

মজুরি কাঠামোয় ভারসাম্যের দাবিতে সাংবাদিকদের আন্দোলনের মধ্যে অক্টোবরে নবম ওয়েজ বোর্ড গঠনে কাজ শুরু হয়েছে বলে তথ্যমন্ত্রী জানালেও গত মঙ্গলবার এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে।

চট্টগ্রামের সমাবেশ থেকে নবম ওয়েজ বোর্ড শিগগির গঠনের পাশাপাশি অষ্টম ওয়েজ বোর্ডের বকেয়া পাওনা পরিশোধের জন্য সরকার এবং গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়ে সিইউজে নেতা রিয়াজ হায়দার বলেন, “নবম ওয়েজ বোর্ড গঠনে প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন, রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন  

“তারপরও তথ্যমন্ত্রী অযথা কালক্ষেপণ করে সাংবাদিক সমাজকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। ওয়েজ বোর্ড বাস্তবায়নের আন্দোলন যাতে সরকার বিরোধী আন্দোলনে রূপ না নেয় সে বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে।”

সমাবেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজের সহ-সভাপতি শহিদ উল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, এম নাসিরুল হক ও এজাজ ইউসুফী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সাংবাদিক নেতা হাসান ফেরদৌস, রতন কান্তি দেবাশীষ, নিরূপম দাশগুপ্ত, আসিম সিরাজ ও মাঈনুদ্দিন দুলাল বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাংবাদিকরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।