২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে থানায় ‘নির্যাতন’ তদন্তের নির্দেশ

চট্টগ্রামে মানবপাচার মামলার আসামি রিজেন্ট এয়ারের এক কর্মীকে থানায় নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 11:29 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

চট্টগ্রামের মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আবু ছালেহ মো. নোমান মঙ্গলবার এ নির্দেশ দেন।

নগরীর পতেঙ্গা থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগকারী মুছা আলম ওরফে মাসুদকে (৩০) গত ৮ নভেম্বর আদালতে হাজির করে এই মামলায় পাঁচ দিনের হেফাজতে চায় পুলিশ। মঙ্গলবার তার শুনানির সময় বিচারককে শরীরে আঘাতের চিহ্ন দেখান তিনি।

পতেঙ্গার বিজয়নগর এলাকার আবদুছ সালামের ছেলে মাসুদ গত ৫ নভেম্বর ২৭টি সোনার বারসহ আটক হয়েছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর।

ওই খবরে বলা হয়, “মাসুদ সোনার বারের কেরিয়ার (বাহক) ছিল। ডিবি পরিচয়ে মাইক্রোবাসে করে একদল লোক মাসুদকে তুলে নিয়ে পরে সোনার বার কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।”

মঙ্গলবার আদালতে হাজির করা হলে মাসুদ তার হাত ও কানে আঘাতের চিহ্নের প্রতি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। পরে নির্যাতন নিয়ে তার জবানবন্দি গ্রহণ করেন বিচারক।

মাসুদের শরীরে ‘কীভাবে দৃশ্যমান আঘাত’ সৃষ্টি হয়েছে তা জানতে চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন এবং পুলিশ সদস্যরা নির্যাতন করেছে কি না তা তদন্তে নগর পুলিশের উপ-কমিশনারকে (বন্দর) নির্দেশ দেন তিনি।

সাত দিনের মধ্যে দুই তদন্ত প্রতিবেদন আদালতে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

মাসুদের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫ নভেম্বর আটকের পর ৮ নভেম্বর ছয় মাস আগের একটি মানবপাচারের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

“জবানবন্দিতে মাসুদ বলেছেন, থানা হাজতে স্বীকারোক্তি আদায়ে তাকে বেত দিয়ে মারধর করা হয়। পুরুষাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হয়।

“পতেঙ্গা থানার এসআই মাজহারুল হক, এএসআই নুরুন্নবী ও পার্থ নির্যাতন করেন বলে মাসুদ জবানবন্দিতে বলেন। সম্প্রতি হেফাজতে নির্যাতনের বিষয়ে আদালতের দেওয়া আদেশ অনুসারে ঘটনা তদন্তের নিদের্শনা দিয়েছেন আদালত।”

মাসুদকে হেফাজতে নেওয়ার পুলিশের আবেদন নামঞ্জুর করেছে আদালত।

মাসুদকে আটক ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বর্ণ চোরাচালানে বাহক হিসেবে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মাসুদ।

“ওই রাতে সোনার বার পাচার বা ছিনিয়ে নেওয়ার বিষয়ে কোনো প্রমাণ এখনো পাইনি। মানব পাচারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পতেঙ্গা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

নির্যাতনের অভিযোগ নাকচ করে তিনি বলেন, “তাকে নির্যাতন করা হয়নি। আটকের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নালায় পড়ে তিনি ব্যথা পান, আমিও ব্যথা পেয়েছি।”

পুরনো খবর:

হেফাজতে মৃত্যু: সরাসরি পদক্ষেপ নেবে আদালত
বিনা পরোয়ানায় গ্রেপ্তার-রিমান্ড: নীতিমালা দিল আপিল বিভাগ