চট্টগ্রাম বন্দরের জেটিতে দুই জাহাজের সংঘর্ষ
ঘন কুয়াশায় চট্টগ্রাম বন্দরের একটি জেটিতে দাঁড়িয়ে থাকা জাহাজকে ধাক্কা দিয়েছে অপর একটি জাহাজ।
শুক্রবার ভোরে পতেঙ্গা সিমেন্ট ক্লিংকার জেটিতে এ ঘটনার পর দুইটি জাহাজই ভেসে বন্দর চ্যানেলের মাঝখানে চলে যায়।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘এমভি সামির’ সিমেন্ট ক্লিংকার জেটিতে ভেড়ানোর সময় দাঁড়িয়ে থাকা ‘এমভি গাজী’কে ধাক্কা দেয়।
ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, “ধাক্কা লাগার পর জাহাজ দুটি নিয়ন্ত্রণ হারিয়ে চ্যানেলের মাঝখানে চলে আসে।বেলা ১০টার দিকে বন্দরের টাগ বোট গিয়ে জাহাজ দুটিকে ঠেলে জেটিতে নিয়ে আসে।”
এসময় বন্দরে জাহাজ চলাচলে কোন প্রভাব পড়েনি বলে জানান তিনি।
