সানোয়ারা বেভারেজকে ১০ লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ‘সানোয়ারা ড্রিংকস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজকে’ ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় সানোয়ারার কারখানায় পরিচালিত অভিযানে নেত্বত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
অভিযানে থাকা র্যাবের সহকারী পরিচালক এএসপি চন্দন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটিতে ‘কোয়ালিটি’ ব্র্যান্ডের আইসক্রিম তৈরি করা হয়।
তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানটি থেকে আইসক্রিম তৈরির জন্য রাখা মেয়াদোত্তীর্ণ ১৪৫ কেজি স্ট্রভেরি ট্রপিং, এক কার্টন ড্রার্ক কম্পাউন্ড চকলেট ও ২০ কেজি হানি রিটেল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
র্যাব কর্মকর্তা চন্দন বলেন, জব্দ করা উপাদানগুলোর মধ্যে কিছু কিছুর মেয়াদ তিন বছর আগে ২০১৩ সালে শেষ হয়েছে। আর কিছুর মেয়াদ শেষ হয়েছে সাত থেকে আট মাস আগে।
সানোয়ারা ড্রিংস অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান।
