চট্টগ্রামে ছাত্রলীগের সম্প্রীতিবন্ধন
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চট্টগ্রামে সম্প্রীতিবন্ধন করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার নগরীর কৈবল্যধাম মন্দিরের সামনে এ সম্প্রীতিবন্ধনের আয়োজন করে ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর।
সম্প্রীতিবন্ধনে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ধর্মান্ধ গোষ্ঠীর প্ররোচনায় ধর্মে ধর্মে আস্থার সংকট তৈরি করা হচ্ছে।
ধর্মান্ধদের পেছনে কারা আছে সেটা ছাত্রলীগের জানা আছে জানিয়ে রনি বলেন, ছাত্রলীগ যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। প্রয়োজনে রাতে মন্দির, প্যাগোডায় পাহাড়ায় থাকবে ছাত্রলীগের নেতাকর্মীরা।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদের ইমু বলেন, জাতিকে বিভক্ত করার এ ষড়যন্ত্র ছাত্রলীগ যে কোনো মূল্যে ঠেকাবে।
সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাঙ্গালির শক্তির উৎস জানিয়ে ইমু বলেন, হাজার বছরের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটাকে যারা ভুলুন্ঠিত করতে চায় তাদের পরাস্ত করতে ছাত্রলীগ রাজপথে থাকবে।
সিপিবি-বাসদের সমাবেশ
নাসিরনগরে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর অপসারণ চেয়ে সমাবেশে করেছে নগরীর আন্দরকিল্লায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সরকার ও প্রশাসনের ভেতর সাম্প্রদায়িক শক্তি ঘাপটি মেরে বসে আছে মন্তব্য করে তিনি বলেন, এ অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে মু্ক্তিযুদ্ধের চেতনাকে ভূলুন্ঠিত করতে চায়।
হামলাকারীদের প্রচ্ছন্ন মদদ দেওয়ার অভিযোগ এনে সমাবেশ থেকে মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ দাবি করেন তিনি।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সমাবেশে অন্যদের মধ্যে সিপিবি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা, বাসদ জেলা সমন্বয়ক মো. মহিনউদ্দিন ও বাসদ নেতা আল কাদেরী জয় উপস্থিত ছিলেন।
