কোস্টগার্ডের বহরে আরও দুই নতুন নৌযান
বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত হয়েছে আরও দুটি নতুন নৌযান।
ইতালি থেকে কেনা ‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ নামে জাহাজ দু’টি বুধবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে কোস্টগার্ডের বার্থ পতেঙ্গায় এসে পৌঁছেছে।
সকালে কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জাহাজ দু’টিকে আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।
এসময় অতিথি হিসেবে উপন্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের উপ-মহাপরিচালক কমোডর এম মাহামুদুল হাসান।
কোস্ট গার্ডের আধুনিকায়নের জন্য ২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চারটি নৌযান কেনার প্রস্তাব অনুমোদন করে।
এরপর ইতালির নৌবাহিনীর কাছ থেকে তাদের পুরনো চারটি মিনার্ভা ক্লাস করভেট কিনে তা লিডার ক্লাস অফশোর পেট্রোল ভেসেলে রূপান্তরের কাজ শুরু হয়। চারটি নৌযানেরই নাম রাখা হচ্ছে চার জাতীয় নেতার নামে।
এর মধ্যে প্রথম ধাপে বুধবার সকালে ‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ কোস্ট গার্ডের হাতে এসে পৌঁছাচ্ছে।
সিজিএস মনসুর আলী ও সিজিএস কামরুজ্জামানের রূপান্তরের কাজ চলছে জেনোয়ায়।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর ইতালির লিস্পোজিয়া বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।
৮৭ মিটার দৈর্ঘ্যের জাহাজ দু’টিতে কামান সংযুক্ত আছে পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন সরঞ্জামও আছে জাহাজ দুটিতে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘সিজিএস তাজউদ্দিনে’ অধিনায়ক হিসেবে আছেন ক্যাপ্টেন এম হাসান তারিক মণ্ডল ও ‘সিজিএস সৈয়দ নজরুল ইসলামে’ অধিনায়ক হিসেবে আছেন ক্যাপ্টেন এম সালাউদ্দিন।
