‘কর আদায়ে চাই বন্ধুসুলভ পরিবেশ’
আয়কর আদায়ে ভয়ভীতি না দেখিয়ে বন্ধুসুলভ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভয়ভীতি না দেখিয়ে বন্ধুসুলভ অবস্থায় নিয়ে আসতে হবে। আগ্রহীরা যাতে বন্ধুসুলভ পরিবেশে কর দিতে পারে। যাতে উৎসাহিত হয়ে মেলায় নতুন করদাতারা আসে। এই প্রচেষ্টায় আয়কর আরও বাড়বে।
করদাতারা মেলায় তাদের ২০১৬-১৭ করবর্ষের রিটার্ন ও কর জমা দেয়া ছাড়াও ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন করতে পারবেন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
মেলায় প্রতিটি কর অঞ্চলের জন্য পৃথক বুথ আছে । এছাড়া সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথও আছে, যেখানে করদাতাগণ তাদের আয়কর জমা দিতে পারবেন।
কর কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী মোশাররফ বলেন, “আপনারা একই ব্যক্তির কাছে বারবার যাচ্ছেন। আমি বিশ্বাস করি, বাংলাদেশে এমন অবস্থা এক কোটি টিআইএনের ব্যবস্থা করতে পারব।”
রাজস্ব আয় বাড়িয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব উল্লেখ করে তিনি করদাতাদের উদ্দেশ্যে বলেন, রাজস্ব আয় যত বাড়বে উন্নয়ন তত বেশি হবে।
“বিশ্বব্যাংক পদ্মাসেতুতে অর্থ দেবে না বলেছে, তখন প্রধানমন্ত্রী বলেছেন- আমরা নিজেদের টাকায় করব। রাজস্ব আয় বেড়েছে বলেই এটা সম্ভব হয়েছে। আপনারা দিয়েছেন বলেই প্রধানমন্ত্রী বলতে পেরেছেন।”
বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক ‘গ্রোথ সেন্টার’ গড়ে উঠেছে জানিয়ে করের আওতা বাড়াতে সেখানেও যাওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “পাঁচ লাখ টাকার করকে এসেসমেন্ট (মূল্যায়ন) করে ৫০ লাখ টাকায় নিয়ে গেলে চলবে না। যারা কর দেয় তাদের ওপর চাপ না দিয়ে নতুন করদাতা সৃষ্টি করতে হবে। কর দিতে এসে কেউ হয়রানির শিকার হবে না- এ বিশ্বাস অর্জন করতে হবে।”
চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেন, “প্রতি বছর একজন ব্যবসায়ীর সমান লাভ হবে তা তো না, লসও হতে পারে। কর আদায়ের ক্ষেত্রে এটা বিবেচনায় নিতে হবে। হয়রানি হলে ব্যবসায়ীরা কর দিতে আগ্রহী হবেন না।
মেলা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবিহা মুসা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, এনবিআর সদস্য ফিরোজ শাহ আলম, চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম, চট্টগ্রামের কমিশনার (কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট) সৈয়দ গোলাম কিবরিয়া, কর আইনজীবী সমিতির সভাপতি কে এম জয়নাল আবেদীন, কর কমিশনার মো. নজরুল ইসলাম ও প্রদ্যুৎ কুমার সরকার।
