২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জেএসসি দিচ্ছে পৌনে ২ লাখ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এক লাখ ৮১ হাজার ৬৫২ জন শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

এর মধ্যে চট্টগ্রাম জেলা ও মহানগরী থেকে এক লাখ ২৯ হাজার ১২৫ জন এবং বাকিরা তিন পার্বত্য জেলা ও কক্সবাজার জেলা থেকে অংশ নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান।

আগামী ১ নভেম্বর থেকে সারা দেশে শুরু হবে জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা নেওয়ার জন্য ইতোমধ্যে চট্টগ্রাম বোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডে এবছর ২১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

“বোর্ডের অধীনে এক হাজার ২১১টি স্কুলের হয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।”

অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৮১ হাজার ৮২৫ জন ছাত্র এবং ৯৯ হাজার ৮২৭ জন ছাত্রী রয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

মাহবুব আরও জানান, এবছর চট্টগ্রাম জেলার এক লাখ ২৯ হাজার ১২৫ জন পরিক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ১১৬ জন অংশ নেবে চট্টগ্রাম মহানগরীর ২০৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে; বাকীরা ১৪টি উপজেলা থেকে অংশ নেবেন।

এছাড়া কক্সবাজার থেকে ২৫ হাজার ৫৭৭ জন, রাঙামাটি থেকে ১০ হাজার ৮৪৬ জন, বান্দরবান থেকে আট হাজার ৯৯৮ জন এবং খাগড়াছড়ি থেকে ১১ হাজার ১০৬ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানান তিনি।

এদিকে পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ৬৩ হাজার ৯৮৯ জন নিয়মিত, ১৭ হাজার ৬৬১ জন অনিয়মিত এবং দুইজন শিক্ষার্থী মানউন্নয়ন পরীক্ষায় অংশ নেবে।