চট্টগ্রামে শিশু ও বৃদ্ধার লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাউজান উপজেলায় আলাদা ঘটনায় শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন, সীতাকুণ্ডের বারৈয়ারঢালা এলাকার মৃত শাহ আলমের ১০ বছরের শিশু সন্তান মোহাম্মদ মজনু এবং রাউজানের চঞ্চলতা বোস নামে এক বৃদ্ধা।
এদের মধ্যে শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের বড় কমলদহ এলাকার একটি ঝর্ণায় পড়ে গিয়ে মজনুর মৃত্যু হলে ফায়ার সার্ভিস গিয়ে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী নজরুল ইসলাম।
নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কমলদহের ওয়াহিদপুর এলাকার একটি ঝর্ণার পানিতে পড়ে শিশুটি। ডুবে যাওয়া শিশুটিকে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার করা হয়।
অপরদিকে রাউজানের ৩ নম্বর ওয়ার্ডের একটি খালে বৃহস্পতিবার গভীর রাতে পড়ে নিখোঁজ ৯০ বছর বয়সী বৃদ্ধা চঞ্চলতা বোসের লাশ শুক্রবার দুপুরে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে খালে পড়ে নিখোঁজ হন চঞ্চলতা বোস। শুক্রবার সকালে পরিবারের লোকজন বিষয়টি টের পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
অনেক চেষ্টার পর দুপুরে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
