সোশাল মিডিয়া তদারকিতে ইডিইউ’র সেল
শিক্ষার্থীদের মত প্রকাশে সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকির জন্য সেল গঠন করেছে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
শনিবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইডিইউ’র সোশাল মিডিয়া প্রক্টর সেলের প্রধান তারিক রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিটরিংয়ের পাশাপাশি সচেতনতা বাড়াতে এই সেল কাজ করবে।
“গত এক বছর ধরে এই সেল গঠনের কাজ চলছিল। ডিজিটাল ইকো সিস্টেমে বেড়ে ওঠা শিক্ষার্থীদের ভুলের পরিমাণ কমিয়ে আনতে আমরা সচেষ্ট।”
সেলের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তারিক রায়হান বলেন, “শিক্ষার্থীরা কোন ধরনের বক্তব্য বা মতামত দিচ্ছেন, কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা এবং কোন ধরনের সংবাদ ও মন্তব্যে তাদের আগ্রহ বেশি তা খুঁজে বের করা হবে।”
পাশাপাশি সমাজসেবামূলক বা ভালো কাজে ভূমিকা রাখতে সেলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করা হবে বলেও জানান তিনি।
