২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সন্দেহজনক গতিবিধি দেখে ১১ জন গ্রেপ্তার

ঢাকায় ক্যাফেকে জঙ্গি হামলার মধ্যে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে সন্দেহজনক ঘোরাফেরায় সময় ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 09:37 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

শুক্রবার গভীর রাতে তাদের গ্রেপ্তারের পর শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা গণমাধ্যমকে জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কিছু ‘সাংগঠনিক’ কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাব ও পুলিশের।

তবে এসব কাগজ কোন সংগঠনের এবং গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংগঠনের সাথে যুক্ত কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

র‌্যাব-৭ এর কর্মকর্তা এএসপি মিমতানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে নিয়মিত টহল চলাকালে কয়েকজন লোককে সন্দেহজনকভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়।

“তখন প্রায় রাত ২টা বাজে। সেখানে কেন অবস্থান করছে জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারেনি। অসংলগ্ন কথাবার্তা বলছিল।”

র‌্যাব কর্মকতা মিমতানুর বলেন, তাদের কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছে সাংকেতিক ভাষায় লেখা। তবে তারা কোনো সংগঠনের সাথে জড়িত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

“গ্রেপ্তার হওয়াদের আরও জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য নগরীর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কাছে কিছু কাগজপত্র ও কয়েকটি রশিদ পাওয়া গেছে।

“তাদের দাবি তারা কোনো সংগঠন করে না। কিন্তু আমরা যাচাই বাছাই করে দেখছি।”

গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চাঁদপুরের মো. তারেক (২২), চন্দনাইশের আবুল হাসান (২২) ও আবদুল করিম (১৮), খাগড়াছড়ির মোস্তফা কামাল (২৪), নগরীর দেওয়ানহাটের মো. ফোরকান (২৪), পটিয়ার তোফাজ্জল হোসেন (২৪), নগরীর ডবলমুরিং থানার নুরুল ইসলাম অনি (২৩), মাজহারুল ইসলাম (২০) ও শাহজালাল শামীম (১৯), জোরারগঞ্জের মিজানুর রহমান (২২)ও দাউদকান্দির মো. ইয়াছিন (২৫)।