২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: চট্টগ্রামে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যা

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পোস্টার লাগানোর সময় তার সমর্থককে দলীয় প্রার্থীর লোকেরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 01:18 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

নিহত মহসিন (৪০) উপজেলার ইসলামপুর ইউনিয়নের খতিব নগর ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমজান আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজউদ্দৌল্লাহ দুলালের সমর্থক বলে এলাকায় পরিচিত।

মঙ্গলবার সকালে এলাকার খতিব নগর রাজখালী খালের পাশ থেকে মহসিনের লাশ পাওয়া যায় বলে রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ন কবির জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লাশের মুখে জখমের চিহ্ন আছে। আমাদের ধারণা, মুখে জখম করে ও বুকে চাপা দিয়ে মহসিনকে হত্যা করে লাশ খালের পাশে এনে ফেলে রাখা হয়েছে।”

মহসিনকে নিজের সমর্থক দাবি করে ইসলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজদৌল্লাহ দুলাল বলেন, “রাতে আমার নির্বাচনী পোস্টার লাগানোর সময় মহসিনকে হত্যা করা হয়েছে।”

এজন্য তিনি দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের পক্ষের লোকজনকে দায়ী করেন।

দুলাল বলেন, “নিজের ব্রিক ফিল্ডে চাঁদা দাবির অভিযোগ তুলে আমাকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে গত ১০ মে একটি মামলা করেছেন আওয়ামী লীগ প্রার্থী মিল্টন। ওই মামলায় মহসিনকেও আসামি করা হয়েছে।”

এর আগে একই উপজেলার গাবতল এলাকায় ৬ মে মিল্টনের পক্ষের লোকজন তার মালিকাধীন একটি রেস্টুরেন্টে ভাংচুর করেছে বলে অভিযোগ করে ৮ মে মিল্টনকে প্রধান আসামি করে আদালতে মামলা করেন দুলাল।

এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল চৌধুরী মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৮ মে অনুষ্ঠেয় নির্বাচন বন্ধ করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”