চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও বিল বকেয়ায় মামলা-জরিমানা
চট্টগ্রামে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২০টি সংযোগ বিচ্ছিন্ন ও ১৭টি মামলা করার পাশাপাশি অবৈধভাবে সংযোগ ব্যবহারের অভিযোগে প্রায় সাত লাখ টাকা জরিমানা আদায় করেছে পিডিবি’র ভ্রাম্যমাণ আদালত।
চলতি সপ্তাহে নগরী ও পটিয়া উপজেলায় টানা অভিযান শেষে মঙ্গলবার গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার পিডিবি’র বিচারিক হাকিম মো. মহিউদ্দিন পটিয়া উপজেলার স্টেশন রোড, ক্লাব রোড, মাঝির ঘাটা, সাউথ ঘাটা ও পাইকপাড়া এলাকায় অভিযান চালান।
এসময় চার লাখ ৬৯ হাজার ৫১১ টাকা বিল বকেয়া থাকায় নয়টি মামলা করা হয় এবং তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে সোমবার নগরীতে পিডিবির পাথরঘাটা বিতরণ বিভাগের অধীন আলকরণ, অভয়মিত্র ঘাট, ব্রিক ফিল্ড রোড, নজু মিঞা লেন ও বকশিরহাট এলাকায় অভিযান চালানো হয়।
এসময় পাঁচ লাখ ২৭ হাজার টাকা বকেয়া থাকায় তিনটি মামলা করা হয় এবং তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা করা হয় ও চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বদর পাতি এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ায় জেনারেটর ব্যবসায়ী আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করে জেলে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।
এর আগে গত ১১ মে পাথরঘাটা বিতরণ বিভাগের অধীনে অভিযান পরিচালনা করে ১৪ লাখ ৫৬ হাজার বিল বকেয়া থাকায় পাঁচটি মামলা ও আটটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একই সাথে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এক জনের বিরুদ্ধে মামলা ও দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়।
