২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম থেকে ব্যবসায়ী গ্রেপ্তার

ভুয়া চিংড়ি ঘেড়ের মালিক সেজে অর্থ আত্মসাতের অভিযোগে কক্সবাজারের এক ব্যবসায়ীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার নগরীর আগ্রাবাদ এলাকা থেকে মো. জমির উদ্দিন (৩৬) নামে এই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারের মহেলশখালী মাতারবাড়ি এলাকায় বিদ্যুৎ কেন্দ্র এলাকায় জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করে বলে জমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ।

দুদক-র সম্বন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, কোনো চিংড়ি ঘের না থাকার পরও জমির কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় ভুয়া কাগজপত্র দাখিল করে দুই কোটি ৪০ লাখ এক হাজার ৪৭৭ দশমিক ৩৩ টাকা ক্ষতিপূরণ বাবদ গ্রহণ ও আত্মসাৎ করে। 

এই ঘটনায় এলএ শাখা থেকে গত বছরের ৭ ডিসেম্বর কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তের দায়িত্ব থাকা দুদক কর্মকর্তা রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলএ শাখা থেকে যাচাই বাছাই না করে চিংড়ি ঘেরের ক্ষতিপূরণের টাকাগুলো জমিরকে পরিশোধ করা হয়েছে।

অর্থ আত্মসাতের এ ঘটনায় এলএ শাখার কর্মকর্তারাও জড়িত আছে জানিয়ে তিনি বলেন, মামলায় এলএ শাখার কোনো কর্মকর্তা কর্মচারীকে আসামি করা না হলেও তদন্তে কারো নাম আসলে তাদের আসামি করা হবে।