২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে জাটকা ধরায় ৩ ফিশিং ভেসেল আটক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তিনটি ফিশিং ভেসেল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত, যেগুলোয় ১৫০ টন হিমায়িত জাটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 06:35 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চালানো অভিযানে জাহাজ তিনটি আটক করা হয় বলে জানান আদালতের নেতৃত্বে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাটকা ধরার অভিযোগে নাজমঈন, রিলায়েন্স-১ ও সানিয়া নামের তিনটি ফিশিং ভেসেল আটক করা হয়েছে।

“আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, নাজমঈনে ৫০ টন, রিলায়েন্স-১-এ ৭০ টন ও সানিয়াতে ৩০ টন জাটকা আছে।”

তিনি জানান, জাহাজ তিনটি টাগবোটের সাহায্যে তীরে আনার পর জাটকার পরিমাণ জানা যাবে।

অভিযানে র‌্যাব-৭, কোস্টগার্ড, সামুদ্রিক মৎস্য অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।