সড়ক দুর্ঘটনায় চুয়েটের ২ শিক্ষক ও শিক্ষার্থী আহত
সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষক ও এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকরা হলেন- কম্পিউপর প্রকৌশল বিভাগের প্রভাষক শায়লা শারমিন, ফারজানা ইফু ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জারিন তাসনিম অর্পা।
চুয়েটের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোর্তজা রেজা খান ঘটনা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চুয়েট শিক্ষার্থী অটল ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজি অটোরিকশায় করে শহরে যাওয়ার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
নোয়াপাড়া নামক জায়গায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে অপর এক সিএনজি অটোরিকশার ধাক্কা দেয়।
দুটি সিএনজি অটোরিকশার কোনোটিরই লাইসেন্স ছিল না বলে জানান অটল ভৌমিক।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা দুই সিএনজি চালককে আটক করলেও পুলিশ তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
