সীতাকুণ্ডগামী বাসযাত্রীর কাছে মিলল বন্দুকের ৫০টি গুলি
চট্টগ্রামের সিটি গেইটে সীতাকুণ্ডমুখী এক বাসযাত্রীর কাছ থেকে বন্দুকের ৫০টি গুলি উদ্ধারের পর তাকে আটক করেছে পুলিশ।
আটক মোহাম্দ ওয়াসিম (৪৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামের মৃত আবুল উল্লাহর ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডমুখী ৮ নম্বর বাসে তল্লাশি চালিয়ে তার কাছে এসব গুলি পাওয়া বলে জানান আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি গেইটে পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় বাসযাত্রী ওয়াসিমের কাছে ৫০টি গুলি পাওয়া যায়।
এসব গুলি সীতাকুণ্ডের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
