২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই আইসক্রিম কারখানাকে জরিমানা

কাপড়ের রং দিয়ে আইসক্রিম বানানোর দায়ে চট্টগ্রামে দুই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:03 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

সোমবার নগরীর চান্দগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নোংরা পরিবেশে সাইট্রিক এসিড, ঘনচিনি ও খরচ বাঁচাতে খাবারের রংয়ের পরিবর্তে কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি করায় ওই দুই কারখানাকে জরিমানা করা হয়েছে।

কারখানা দুটি হল- চান্দগাঁও থানার চেয়ারম্যান ঘাটা এলাকার লাকী আইসবার ও বহদ্দারহাট এলাকার ডলফিন আইসবার।

তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান রুহুল আমিন।

রুহুল আমিন জানান, ডলফিন আইসবারের মালিক জয়নাল আবেদীন একজন মৌসুমি আইসক্রিম বিক্রেতা। তিনি নোয়াখালী থেকে গরমকালে চট্টগ্রামে এসে এসব অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরি করে বিক্রি করে থাকেন।

“এ দুই কারখানার বিএসটিআই এর সনদ ছিল না। বরফ তৈরির লাইসেন্স দিয়ে আইসক্রিম বানাচ্ছিল এই দুই প্রতিষ্ঠান।”

এসময় দুই কারখানা থেকে উদ্ধার করা চার হাজার পিস আইসক্রিম ধ্বংস করা হয়।